নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে গত ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর মন্ত্রীপরিষদ গঠন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছেন। তাঁর সরকারে ৩ জন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন, তাঁদেরই একজন জনাব মোহাম্মদ আমিন-উর রশীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব। উক্ত তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত হাজী আলী মিয়া ও মা আমেনা বেগম। পেশায় ব্যবসায়ী আমিন-উর-রশিদ ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত হওয়া কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আদর্শ সদর ও সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমিন-উর-রশিদ (ইয়াছিন)। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া দীর্ঘদিন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছিলেন।
অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে। এর আগে তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় জনাব টুকুকে প্রায় পাঁচ বছর কারাগারে এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে।
দুইজন ত্যাগী নেতার হাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় আনন্দিত এই সেক্টর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রাণিসম্পদ সেক্টরে তাঁদের হাত ধরে ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদী খামারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে।
তথ্যসূত্র: বিভিন্ন পত্রিকা