বাংলাদেশের ভেটেরিনারি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ভেটেরিনারিয়ানদের প্লাটফর্ম ‘ভেট সার্কেল‘ এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘দ্য ভেট ক্রনিকলস’ (The Vet Chronicles) । দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর ভেটেরিনারি, যা সারাদেশের মানুষের প্রাণিজ আমিষের যোগান, জীবন ও জীবিকা নির্বাহ, বৈদেশিক মুদ্রা অর্জনসহ বিভিন্নভাবে ভূমিকা রাখে। দেশের আনাচে কানাচে প্রতিদিন কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় এই সেক্টরে, তবে তা রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। ভেটেরিনারি সেক্টর সম্পর্কে মানুষের জানাশোনা ও সচেতনতা বাড়ানোই এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য।
ভেটেরিনারিয়ানসহ খামারি, পশুপ্রেমী সবার প্লাটফর্ম হতে চলেছে ‘দ্য ভেট ক্রনিকলস’। দেশীয় বিভিন্ন ভেট সংবাদ প্রকাশের পাশাপাশি এখানে থাকবে আন্তর্জাতিক ভেট সংবাদ, মতামত ও সম্পাদকীয়। আরও যুক্ত হতে যাচ্ছে ভিডিও প্রতিবেদন, ভেট সেক্টরে চাকুরির সংবাদ, খামারী ও ভেটেরিনারিয়ানদের জন্য কোর্স ইত্যাদি। গত ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখে ফেইসবুক পেইজ The Vet Chronicles দিয়ে এই প্লাটফর্মের কার্যক্রম আরম্ভ হলেও এখন রয়েছে একটি ডেডিকেটেড ওয়েবসাইট (www.vetchronicles.com), যেখানে নিয়মিত ভিত্তিতে সকল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ। এই প্লাটফর্ম ভেটেরিনারি সেক্টরের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নতুন দুয়ার খুলবে বলেও বিশ্বাস করেন তারা।